কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে
গত এক সপ্তাহ থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে মধ্যে উঠা-নামা করছে বলে জানায় আবহাওয়া অফিস।
উত্তরের জেলা কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় জবুথবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ।
রোববার সকালে কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
দেখা গেছে, সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে গোটা জনপদ।
শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছে নদ-নদী তীরবর্তী চরের মানুষজন।
নভেম্বর মাসের মাঝামাঝি থেকে জেলায় শীত অনুভূত হচ্ছে। ধীরে ধীরে এর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তবে গত এক সপ্তাহ থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে মধ্যে উঠানামা করছে বলে জানায় আবহাওয়া অফিস।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “রোববার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক সেলসিয়াস। যা আগামীতে আরও কমার সম্ভাবনা রয়েছে।”
এ অবস্থায় শীত নিবারণের জন্য মধ্যবিত্ত পরিবারগুলোর আগাম প্রস্তুতি থাকলেও নিম্ন আয়ের খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষগুলো শীতবস্ত্র সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় থাকেন।
নাজিম খান এলাকার সফর উদ্দিন ও রমজান আলী বলেন, কয়েকদিন থেকে খুবই শীত। সকালে কুয়াশার কারণে রাস্তাই দেখায় যায় না। সূর্যের দেখাও নেই। এমন ঠান্ডা ও শীতে তাদের মত বয়স্ক মানুষগুলোর সমস্যা হয়।
