২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাফলংয়ে নদীতে নিখোঁজ ঢাকার স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জাফলং জিরো পয়েন্ট থেকে শনিবার সকালে আরশের মরদেহ উদ্ধার করা হয়।

জাফলংয়ে নদীতে নিখোঁজ ঢাকার স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পিয়াইন নদীতে নিখোঁজ কিশোর আল-ওয়াজ আরশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 05:50 PM

Updated : 08 Jul 2023, 05:50 PM

সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজের দুই দিন পর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি মো. রতন শেখ জানান।

নিহত আল-ওয়াজ আরশ (১৫) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের বাসিন্দা পুলিশ পরিদর্শক জাহেদুল হোসেনের ছেলে। আরশ ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শেণির শিক্ষার্থী ছিল।

ওসি রতন শেখ বলেন, বাবা, মা ও ছোট ভাইয়ের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে এসেছিল আরশ। দুপুরে বাবা ও ছেলে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামে।

“সাঁতার না জানায় বাবা ও ছেলে স্রোতের টানে ডুবে যাচ্ছিলেন। তা দেখে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসে। তবে বাবা জাহেদুল হোসেনকে উদ্ধার করা গেলেও আরশকে উদ্ধার করা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, বৃহস্পতিবার থেকেই আরশকে উদ্ধারে প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান চালায়। শনিবার সকালে স্থানীয়দের সহযোগিতায় জাফলং জিরো পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন:

পুরনো খবর:

জাফলংয়ে পিয়াইন নদীতে নেমে কিশোর নিখোঁজ