২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার ফাঁসির দাবিতে রাস্তায় সন্তানরা

পরিবারের সদস্যদের অভিযোগ, বিদেশ ফেরত স্বামী জসীম উদ্দিনের ‘পরকীয়া প্রেমে’ বাধা দেওয়ায় স্ত্রী সেলিনাকে ‘হত্যা’ করেন তিনি।

বাবার ফাঁসির দাবিতে রাস্তায় সন্তানরা

মাকে ‘হত্যার’ জন্য বাবাকে দায়ী করে সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে মানববন্ধন করেন সন্তানরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 06:55 PM

Updated : 05 Jun 2023, 06:55 PM

মায়ের খুনিকে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে পথে নেমেছে লক্ষ্মীপুরের চার ভাই-বোন। তাদের অভিযোগ খোদ তাদের বাবার বিরুদ্ধে। 

চার ভাইবোন রোজিনা আক্তার, আসমা আক্তার, লাভলী আক্তার ও আব্দুল আজিজ তাদের বাবার গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সোমবার যখন সদর উপজেলার জকসিন বাজারে মানববন্ধনে দাঁড়ান, এলাকাবাসীও যোগ দেন তাদের সঙ্গে। 

কিশোর বয়সী চার ভাইবোনের মায়ের নাম সেলিনা আক্তার। সন্তানদের অভিযোগ, তাদের বিদেশ ফেরত বাবা জসীম উদ্দিনের ‘পরকীয়া প্রেমে’ বাধা দেওয়ায় সেলিনাকে ‘নির্যাতন করে হত্যা’ করা হয়।   

তাদের মামা মোক্তার হোসেন জানান, সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের কাচারীবাড়ীর প্রবাসী জসীম উদ্দিনের সঙ্গে তার বোন সেলিনার বিয়ে দিয়েছিল পরিবার।

“বিয়ের পর জসীমের চারিত্রিক নানা অধঃপতনের খোঁজ পাওয়া যায়। অনেক নারীর সঙ্গেই তার বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর জানত সেলিনা। সবশেষ এক নারীর সঙ্গে সম্পর্কের ঘটনাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়।” 

মোক্তার বলেন, এর জের ধরে গত ২৭ মে সেলিনাকে বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে ডেকে নেন জসীম। 

“বাড়িতে ডেকে নিয়ে নির্মম নির্যাতন শেষে তাকে হত্যা করে। পরে মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।” 

মোটা অর্থের বিনিময়ে সেলিনার ময়নাতদন্ত প্রতিবেদনও ‘বদলে দেওয়া হয়েছে’ বলে অভিযোগ করেন তার ভাই। 

ঘটনার এক সপ্তাহ পর মোক্তার হোসেন বোনের হত্যার বিচার চেয়ে লক্ষ্মীপুর আদালতে মামলার আবেদন করেন। সেখানে ভগ্নিপতি জসীমসহ ১২ জনকে আসামি করা হয়। আদালত মঙ্গলবার এ বিষয়ে আদেশের দিন রেখেছে।

সোমবারের মানববন্ধন থেকে সেলিনার মৃত্যুর ঘটনা তদন্ত করে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সেলিনা-জসীমের বড় মেয়ে রোজিনা আক্তার তার মাকে ‘হত্যার’ জন্য বাবাকে দায়ী করে তার বিচার দাবি করেন। 

মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে সদর মডেল থানার ওসি মোছলেহ উদ্দিন বলেন, “এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রয়েছে। তাই আলাদা করে হত্যা মামলা নেওয়ার প্রয়োজন হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে অভিযোগের বিষয়ে জানতে সদর হাসপাতালের আরএমও ডা. আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

সেলিনার স্বামী জসীমের বক্তব্যও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।