২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘জমি লিখে না দেওয়ায়’ বাবা-মাকে মারধর

ভুক্তভোগী তার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বলে জানায় পুলিশ।

গোপালগঞ্জে ‘জমি লিখে না দেওয়ায়’ বাবা-মাকে মারধর

গোপালগঞ্জের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত বৃদ্ধ ও তার স্ত্রী।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 10:49 PM

Updated : 19 Jun 2023, 10:49 PM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ‘জমি লিখে না দেওয়ায়’ বাবা ও মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

সোমবার সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম।

আহত আবু বক্কার সিদ্দিক মোল্যা (৬৫) ওই গ্রামের প্রয়াত আব্দুল কাদের মোল্যার ছেলে। তার স্ত্রীর নাম কহিনুর বেগম (৪৮)। তারা কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় ভুক্তভোগী তার ছেলে খালেদ মোল্যার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

আবু বক্কার বলেন, “বড় ছেলে খালেদ আমাকে কোনো ভরণ-পোষণ দেয় না। আমার জায়গা-জমি তাকে লিখে দেওয়ার জন্য প্রায়ই আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। অকথ্য ভাষায় গালাগাল দেয়। বাড়িঘর ও ঘরের মালামাল ভাঙচুর করে।

“সোমবার সকালে ঢাকা থেকে এসে আমাদের বেধড়ক মারধর করেছে। ঠেকাতে গিয়ে আমার মেয়ে ও মেজ পুত্রবধূ আহত হয়েছে। পরে প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।”

অভিযোগ অস্বীকার করে খালেদ বলেন, “আমি এসব কোনো কিছু করিনি। বাবা আমাকে তিন বছর আগে ত্যাজ্যপুত্র করেছে। আমি বেশ কিছু জমি ক্রয় করেছি। আমার ক্রয় করা সম্পত্তির দলিল বাবা আটকে রেখেছেন। আমার দলিলের সম্পত্তিতে যেতে দিচ্ছেন না তিনি।

“সেই সম্পত্তি আমি ভোগ করতে পারছি না। আমি এর বিচার চাই। এসব ঘটনা আড়াল করতে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা মারপিটের অভিযোগ করেছেন। এখন হাসপাতালে ভর্তি হয়ে থানায় অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছেন।”

ওসি ফিরোজ আলম বলেন, অভিযোগ তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।