সিরাজগঞ্জে আদালত ভবন থেকে লাফিয়ে কনস্টেবলের আত্মহত্যার চেষ্টা
স্ত্রীর করা যৌতুকের মামলা বিচারক মীমাংসা প্রস্তাবের পর আদালত ভবন থেকে পুলিশ সদস্য লাফ দেন বলে জানান পিপি।
সিরাজগঞ্জে স্ত্রীর করা যৌতুক মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত ভবন থেকে লাফিয়ে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেছেন।
রোববার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে এ ঘটনা ঘটে বলে আদালতের পরিদর্শক মোস্তফা কামাল জানান।
আহত আব্দুর রাজ্জাক রনি (২৬) কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মোকলেসুর রহমানের ছেলে। তিনি ঢাকায় পুলিশের এপিবিএন শাখায় কর্মরত রয়েছেন।
রনিকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদালতের পেশকার মো. রাসেল জানান, ২০২২ সালের ১ মার্চ রনির স্ত্রী তার বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেন। রোববার ওই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
“জেলা ও দায়রা জজ বেগম সালমা খাতুন উভয়পক্ষের আইনজীবীকে মামলাটি মীমাংসার জন্য উদ্যোগ নিতে বলেন। এ অবস্থায় উভয়পক্ষকে বোঝানোর জন্য কয়েক দফা সময় দেওয়া হয়। প্রথমদিকে রনি মীমাংসায় রাজি হলেও পরে অপারগতা প্রকাশ করেন।
“সবার চাপে এক পর্যায়ে ওই পুলিশ সদস্য আদালতের তিনতলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় তাকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে।”
রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত কৌঁসুলি (পিপি) জাহিদা সুলতানা বিথি বলেন, “বিচারক মামলাটি আপস-মীমাংসার প্রস্তাব দিলে ওই পুলিশ সদস্যের স্ত্রী রাজি হলেও রনি তাতে রাজি ছিলেন না।”
আদালতের পরিদর্শক মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবন থেকে লাফ দেওয়ার পর বালুর স্তুপের ওপরে পড়ার কারণে ওই পুলিশ সদস্যের গুরুতর কোনো ক্ষতি হয়নি। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
