মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১২
ঢাকাগামী মালবাহী একটি ট্রাক বিকল হয়ে সিরাজদিখানে রামেরখোলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে ছিল।
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
বুধবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ।
তিনি জানান, দুর্ঘটনায় মোসাম্মত হাসিনা বেগমসহ (৪২) ঘটনাস্থলেই তিন বাসযাত্রী মারা যান। অপর দু’জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন- চট্টগ্রামের আব্দুল বাতেন মিয়ার পুত্র লাভলু (৫৫), পটুয়াখালীর আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলামসহ (৪২) অন্তত ১২ যাত্রী।
তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, ঢাকাগামী মালবাহী একটি ট্রাক বিকল হয়ে সিরাজদিখানে রামেরখোলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে ছিল। ভোরে কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার পথে লাবিবা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
ওসি আরও বলেন, বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
