গাজীপুরে পুকুরে ফেলে শিশু হত্যায় নারীর আমৃত্যু কারাদণ্ড
২০০৭ সালে ১৬ জুলাই রাতে এক বছর বয়সি ঘুমন্ত মিথিলাকে তুলে নিয়ে পুকুরে ফেলে দেন ফাতেমা।
গাজীপুরের কাপাসিয়ায় পুকুরে ফেলে শিশুকে হত্যার দায়ে এক নারীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহমান আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মো. আতাউর রহমান জানান।
দণ্ড পাওয়া ফাতেমা খাতুন (৩৬) উপজেলার বড়চালা গ্রামের মনির উদ্দিনের মেয়ে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ফাতেমা।
নিহত শিশু মিথিলা ময়েজ (১) একই এলাকার দুবাই প্রবাসী ময়েজ উদ্দিনের মেয়ে।
মামলার বরাতে এপিপি আতাউর জানান, ২০০৭ সালে ১৬ জুলাই মোসা. নেলি বেগম তার মেয়ে মিথিলাকে ভাগনী শান্তার কাছে রেখে কেনাকাটা করতে রাণীগঞ্জ বাজারে যান। শান্তা মিথিলাকে নিয়ে বিকালে নেলির চাচাত ননদ ফাতেমা কাপাসিয়া বাজারে যান।
সেখান থেকে বাড়ি ফেরার পথে রাওনাট গ্রামে সরকার বাড়ি পুকুরের কাছে গেলে কোলে থাকা মিথিলাসহ শান্তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় ফাতেমা। সে সময় শান্তার ডাক-চিৎকার শুনে তাদের পানি থেকে তুলে আনেন স্থানীয়রা।
তিনি আরও জানান, ওইদিন রাতে ফাতেমা, মিথিলা, শান্তা ও ফারজানাসহ তার দূর সম্পর্কের আত্মীয় নয়ন মিয়ার বাড়িতে রাত্রি যাপন করেন। রাতের কোনও এক সময় ঘুমন্ত মিথিলাকে তুলে নিয়ে ওই পুকুরে ফেলে পালিয়ে যান ফাতেমা। পরদিন মিথিলাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা।
এ ঘটনায় নেলি বেগম বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই এ কে আজাদ ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি ফাতেমাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে ১৬ বছর পর আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাবাসে থাকতে হবে বলে জানান এপিপি আতাউর।
