২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়কে প্রাণ গেল কলেজছাত্র ও পোশাক শ্রমিকের

গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এবং শ্রীপুরের তেলিহাটিতে এ দুই দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে সড়কে প্রাণ গেল কলেজছাত্র ও পোশাক শ্রমিকের

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2023, 01:08 AM

Updated : 10 Apr 2023, 01:08 AM

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র ও এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন আরও একজন।

রোববার বিকালে গাজীপুর সদর থানার রাজেন্দ্রপুরে এবং শ্রীপুর উপজেলার তেলিহাটিতে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়ে পুলিশ।

নিহতরা হলেন শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র নাসির উদ্দিন (১৮) এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আরিফ (৩৫)।

আহত ২৬ বছর বয়সী আব্দুর রাজ্জাক ভোলা সদর উপজেলার আলকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শ্রীপুর থানার এসআই কবির হোসেন বলেন, “মোটরসাইকেলে করে নাসির উদ্দিন তার মামার বাড়ি শ্রীপুরের নয়নপুর গ্রাম থেকে নিজ বাড়ি সাইটালিয়া গ্রামে যাচ্ছিলেন।

“তেলিহাটি (কাজীবাড়ি) পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। মোটরসাইকেল পড়ে গিয়ে ঘটনাস্থলেই নাসির মারা যান।”

পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করে পুলিশ।

এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মোশারফ হোসেন জানান, আরিফ ও আব্দুর রাজ্জাক ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার স্কয়ার ফ্যাশন কারখানায় চাকরি করেন।

“রোববার বিকালে তারা মোটরসাইকেলে করে গাজীপুর আসছিলেন। ঢাকা-ময়মনসিংহ সড়কের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। 

“এ সময় পেছন থেকে একটি বাস আরিফকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। অপর আরোহী আব্দুর রাজ্জাক মোটরসাইকেল থেকে ছিটকে পাশের জঙ্গলে পড়ে আহত হন।”

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই মোশারফ হোসেন জানান।