গোসাইরহাটে মাছের ঘেরে কুমির, ভয়ে এলাকাবাসী
এলাকায় জলাশয়ে কুমির পাওয়ার ঘটনায় মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় একটি মাছের ঘের থেকে আট ফুট লম্বা একটি কুমির উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার রাতে উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজাল কান্দি এলাকায় কুমিরটি পাওয়া যায়।
এলাকায় জলাশয়ে কুমির পাওয়ার ঘটনায় মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে।
গোসাইরহাট থানার ওসি আসলাম সিকদার জানান, কুমিরটি আলাওলপুর ইউনিয়নের পাজালকান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। এটি উপজেলা প্রাণিসম্পদ অফিসকে জানালে তারা এসে দেখে গেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় কুমিরকে মাটি খুঁড়তে দেখেন পুকুরে কর্মরত কয়েকজন শ্রমিক। পরে তারা ফাঁদ পেতে কুমিরটি আটক করেন।
পাজালকান্দি সমবায় সমিতির সভাপতি লিটন পাজাল বলেন, “আমরা এখন আতঙ্কে আছি। কীভাবে এত বড় একটি কুমির ঘেরে আসল। আমাদের বাড়ির পাশে ছোট একটি নদী আছে। এতে তো কুমির থাকার কথা না। এ ধরনের কুমির সাধারণত খুলনা-বাগেরহাট এলাকায় দেখা যায়।”
আলাওলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসমান গনি বেপারী বলেন, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে উপজেলা প্রশাসনকে জানালে তারা সেটি নেওয়ার জন্য বন বিভাগের অফিসে জানায়।”
