২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় সিরাজগঞ্জে দুই যুবকের যাবজ্জীবন

তাদের স্বীকারোক্তি অনুযায়ী আব্দুল ওয়াহাবের বাড়ি থেকে ২৭টি বন্দুক (পাইপগান) উদ্ধার করা হয়।

অস্ত্র মামলায় সিরাজগঞ্জে দুই যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 04:31 PM

Updated : 26 Jan 2023, 04:35 PM

অস্ত্র ও গুলি উদ্ধার মামলায় সিরাজগঞ্জে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মহসিন খান রানা।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনা জেলার খয়ের বাগান গ্রামের আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান মিজান (১৯) ও ভাউডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে আব্দুল ওয়াহাব (৩৫)।

তাদের মধ্যে আব্দুল ওয়াহাব পলাতক রয়েছেন।

মামলার নথির বরাতে আদালতের স্টেনোগ্রাফার নিহারুল ইসলাম জানান, হয়েছে, ২০১৯ সালের ৬ নভেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই গ্রামে সিলভার ডেল পার্কের মেইন গেটে অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ।

এ সময় আব্দুল ওয়াহাবের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও মিজানুর রহমানের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী আব্দুল ওয়াহাবের বাড়ি থেকে ২৭টি বন্দুক (পাইপগান) উদ্ধার করা হয়।

এ ঘটনায়  সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

মামলা চলাকালে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন আদালত।