নীলফামারীতে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার
পরিদর্শক বলেন, চারজনই মাদককারবারী; দীর্ঘদিন থেকে তারা ইয়াবা বিক্রি করে আসছিলেন।
নীলফামারীতে তিন স্থানে অভিযান চালিয়ে ২১০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি।
রোববার সৈয়দপুর ও জেলা সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবি পুলিশের পরিদর্শক রওশন কবীর জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দ কাঙ্গালপাড়া এলাকার ফজলুর রহমান (৪৬), চৌধুরীপাড়া এলাকার সোহাগ ইসলাম (৩২), চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী এলাকার আল হাবিব অপু (৩০) এবং সদর উপজেলার কাজীরহাটা এলাকার হাসান আলী (২৮)।
পরিদর্শক রওশন কবীর জানান, হাসান আলীর কাছ থেকে ৫০টি, ফজলুর রহমানের কাছ থেকে ১০০টি এবং সোহাগ ইসলাম ও আল হাবিব অপুর কাছ থেকে ৬০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।
পরিদর্শক বলেন, “চারজনই মাদক কারবারী। তারা দীর্ঘদিন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা বিক্রি করে আসছিলেন।”
