২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে: মঈন খান

“আমরা হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না বলেই পুলিশের উসকানির মুখেও কোনো দ্বন্দ্বে যাইনি।“

আওয়ামী লীগ গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে: মঈন খান

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2023, 04:09 PM

Updated : 11 Feb 2023, 04:09 PM

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ স্বাধীনতার মূল উপজীব্য গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। 

তিনি বলেন, “পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনো গণতন্ত্র হতে পারে না। সেই কারণে আমরা একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কিন্তু দুঃখের বিষয়, আজকে ৫০ বছর পরে আওয়ামী লীগ যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে তারা স্বাধীনতার মূল উপজীব্য গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে।” 

শনিবার সকালে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় পদযাত্রা কর্মসূচি পালনকালে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি অভিযোগ করেন, পলাশ উপজেলায় পুলিশ ব্যানার ছিনিয়ে নিয়ে বিএনপির পদযাত্রা বানচাল করে দিয়েছে। 

আব্দুল মঈন খান বলেন, “আমরা হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না বলেই পুলিশের উসকানির মুখেও কোনো দ্বন্দ্বে যাইনি। ভবিষ্যতে আমরা গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবো।” 

তিনি আরও বলেন, “এভাবে কোনো জাতিকে রুখে দেওয়া যায় না। অন্যায়ের প্রতিকার হবে, বাংলাদেশের মানুষ এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। সরকারকে পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যারা জনগণের ভোট পাবে, তারা সরকার গঠন করবে।”