ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু
পুলিশ জানায়, পুকুর থেকে জুতা তুলতে নেমে পানিতে তলিয়ে যায় সিয়াম ও আল আমিন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাশিপুর ইউনিয়নের ছোট নুনতোর গ্রামে এ ঘটনা ঘটে বলে রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন আলী জানান।
নিহতরা হলো ওই গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ সিয়াম (১০)। সে সাথীরহাট নুরানী মাদ্রাসার ছাত্র। অপর নিহত আল আমিন (১৪) একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে। সে নুনতোর নুরানী মাদ্রাসার ছাত্র।
পুলিশ পরিদর্শক মহসীন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির পাশে পটলা পুকুরের ধারে খেলা করছিল সিয়াম ও আল আমিনসহ গ্রামের চার শিশু। এ সময় এক শিশুর জুতা পুকুরে পড়ে যায়।
“পরে সিয়াম ও আল আমিন পুকুরে নেমে জুতা তোলার চেষ্টা করে। এক পর্যায়ে তারা দুজন পানিতে তলিয়ে যায়। অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন।
“খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুকুরে তল্লাশি শুরু করে। গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় সিয়াম ও আল আমিনকে উদ্ধার করা হয়।”
পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সিয়াম ও আল আমিনকে মৃত ঘোষণা করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পরিদর্শক (তদন্ত) মহসীন আলী জানান।
