২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেঁধে দেওয়া দামে ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় গরুর মাংস বিক্রি বন্ধ

দাম পুনর্বিবেচনা নিয়ে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2024, 10:54 PM

Updated : 02 Apr 2024, 03:47 PM

সরকারের বেঁধে দেওয়া দামে গরুর মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা।

সোমবার বিকাল থেকে শহরের বাজারগুলোতে মাংস বিক্রি বন্ধ রয়েছে; এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

দাম পুনর্বিবেচনা নিয়ে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাংস ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।

ব্যবসায়ীরা জানিয়েছেন, রোববার রাতে জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় থেকে ব্যবসায়ীদের কাছে সরকার নির্ধারিত নিত্যপণ্যের মূল্যতালিকা সরবরাহ করা হয়। তাতে গরুর মাংস খুচরা পর্যায়ে প্রতি কেজির দর ৬৬৪ দশমিক ৩৯ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকায় কেনাবেচা হয়।

নতুন দরে অসন্তোষ জানিয়ে ব্যবসায়ীরা শহরের ফারুকী বাজার, আনন্দবাজার, মেড্ডা বাজার ও কাউতলী বাজারসহ বিভিন্ন বাজারে গরুর মাংস বিক্রি বন্ধ করে দেন।

মাংস ব্যবসায়ী মালিক সমিতির ফারুক আহমেদ জানান, সরকারের বেঁধে দেওয়া দামে মাংস বিক্রি করলে তাদের অনেক লোকসান হবে। এ দরের চেয়ে তাদের খরচ আরও বেশি হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, সরকার যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। ব্যবসায়ীদের অসন্তোষের বিষয়ে তাদের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।