২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতবোমা বিস্ফোরণের অভিযোগ নিয়ে মুখোমুখি রাজশাহীর দুই কাউন্সিলর প্রার্থী

থানায় পাল্টা অভিযোগ দিয়ে জহিরুল ইসলাম রুবেল দাবি করেছেন, মতিউর রহমানের মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে হাতবোমা হামলা করা হয়েছে।

হাতবোমা বিস্ফোরণের অভিযোগ নিয়ে মুখোমুখি রাজশাহীর দুই কাউন্সিলর প্রার্থী

রাজশাহীর দুই কাউন্সিলর প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 12:07 AM

Updated : 18 Jun 2023, 12:07 AM

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে আরেক প্রার্থীর পক্ষের মিছিলে হাতবোমার হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার বিকালে নগরীর ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আসন্ন নির্বাচনের প্রার্থী মতিউর রহমান মতির নির্বাচনী প্রচার মিছিলে এই হামলা হয় বলে থানায় অভিযোগ করা হয়।

রাজপাড়া থানায় দায়ের করা মতির অভিযোগে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের সমর্থকরা তার প্রচার মিছিলে হামলা চালিয়েছেন। হামলায় মতির কয়েকজন কর্মী-সমর্থক আহতও হয়েছেন। তাদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে মতির সমর্থকরা নগরীর রাজপাড়া থানা ঘেরাও করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, থানায় পাল্টা অভিযোগ দিয়ে জহিরুল ইসলাম রুবেল দাবি করেছেন, মতির মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে হাতবোমার হামলা করা হয়েছে। সে সময় তিনি বাড়িতেই ছিলেন। খবর পেয়ে তার সমর্থকরা প্রতিবাদ মিছিল বের করে থানা ঘেরাও করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল ৫টার দিকে নগরীর ভাটাপাড়া এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী মতির নেতৃত্বে একটি নির্বাচনী প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি চণ্ডিপুর হয়ে শ্রীরামপুরের দিকে যাওয়ার সময় আরেক প্রার্থী রুবেলের বাড়ির সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে।

এ সময় মিছিলকারীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। এক পর্যায়ে মতি ও রুবেলের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের অন্তত ১০ কর্মী-সমর্থক আহত হন।

পরে কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী মতিউর রহমান অভিযোগ করে বলেন, “যুবলীগ কর্মী রুবেলের উপস্থিতিতে এ হামলা হয়েছে। গত কয়েকদিন থেকেই রুবেল আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। আমি রাজপাড়া থানায় দুটি সাধারণ ডায়েরি করেছি। কিন্তু পুলিশ কোনো ভূমিকা নেয়নি। উল্টো আমাদের কয়েকজনকে এর আগেও পেটানো হয়েছে। আজ আবার রুবেলের নেতৃত্বে মিছিলে বোমা হামলা হয়েছে। তার মতো সন্ত্রাসীর বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় সে আরও বেপরোয়া হয়ে উঠেছে।”

তবে জহিরুল ইসলাম রুবেল বলেন, “মতির মিছিল থেকে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। ঘটনার পর আমার কর্মী-সমর্থকেরা থানায় যায়। এর পর থানায় একটি অভিযোগ দিয়ে তারা চণ্ডিপুর প্রেসক্লাব মাঠে অবস্থান করে। পরে মতি থানায় গিয়ে উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। মতি ও তার কর্মীরা নির্বাচন বিতর্কিত করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার ও উসকানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে আসছে। কিন্তু আমি শান্ত থেকে প্রচার চালিয়ে যাচ্ছি।”

দুই প্রার্থীর দেওয়া দুটি অভিযোগই তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মইনুল বাশার।

তিনি বলেন, “কাউন্সিলর প্রার্থী মতিউরের মিছিলে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ তুলে বেশকিছু নারী- পুরুষ থানায় এসেছিলেন। মতিও থানায় অভিযোগ দিয়েছেন। আরেক প্রার্থী রুবেল বলছেন, তার বাড়িতে বোমা হামলা হয়েছে। তিনিও থানায় অভিযোগ দিয়েছেন। আদৌ বোমা বা ককটেল ছিল কিনা, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।”