০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার মো. সাইফুর রহমান সাকিব পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 08:34 PM

Updated : 07 Oct 2026, 08:34 PM

পটুয়াখালী সদর উপজেলায় কলেজছাত্রকে তুলে নিয়ে মারধর, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।

গ্রেপ্তার মো. সাইফুর রহমান সাকিব পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক।

ভুক্তভোগী মনিরুল ইসলাম ইমন একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানয়, নির্যাতিত ছাত্রের ভাই লিমন মাহমুদ বাদী হয়ে সাকিবকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় পাঁচজনের নাম দিয়ে আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, রোববার রাতে বাড়ি থেকে ডেকে এনে নির্জন স্থানে আটকে ইমনকে মারধর করা হয়। পরে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে সাকিব দাবি করেছেন, প্রতিবেশীর অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে দেখা করতে এলে এলাকাবাসী ওই ছাত্রকে মারধর করেছে; তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।