সাদুল্লাপুরে তিন ইউপিতে চলছে ভোট
এই তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৬৮ হাজার ২৪৮জন।
নতুন জনপ্রতিনিধি বেছে নিতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে ভোট দিচ্ছেন ভোটাররা।
রির্টানিং কর্মকর্তা ও সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, সোমবার সকাল ৮টা থেকে এ উপজেলায় ভোট শুরু হয়, যা বিরতিহীন ভাবে চলবে বেলা চারটা পর্যন্ত।
বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের ২৯টি কেন্দ্রের ২২৯টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)- এ ভোট গ্রহণ হচ্ছে।
এই তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ১৬৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার ৬৮ হাজার ২৪৮জন।
এ নির্বাচনে ২৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২২৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও এক হাজার ৪৫৮ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন বলে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান।
এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জন পুলিশ সদস্য, ১৭ জন আনসার ও ভিডিপি দায়িত্ব পালন করছেন বলে সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় জানান।
এছাড়া পুলিশের ১৪টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, ২ প্লাটুন বিজিপি ও কয়েক প্লাটুন র্যাব নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম জানান, প্রতি ইউনিয়নে ১ জন করে মোট ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট কাজ করছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু সাদুল্লাপুর উপজেলা সদরকে পৌরসভা গঠন করার জন্য এই তিন ইউনিয়নের কিছু এলাকাকে শহর ঘোষণার প্রাথমিক প্রজ্ঞাপন জারি করা হয়। এ কারণে এই তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়।
ফলে চলতি বছরের ৩১ জানুয়ারি উপজেলার মাত্র ৮টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়। পরবর্তীতে গত ১৭ অক্টোবর এই তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়।
