১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে ‘চরমপন্থিকে’ বোমা মেরে হত্যা

পুলিশ জানিয়েছে, ‍তিনি এলাকার ‘জিয়া বাহিনী’র হোতা। দীর্ঘদিন ঢাকায় পালিয়ে থাকার পর মাস তিনেক আগে তিনি এলাকায় ফিরেছেন।

যশোরে ‘চরমপন্থিকে’ বোমা মেরে হত্যা

যশোরের অভয়নগর থানা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 09:57 AM

Updated : 12 Feb 2024, 12:14 AM

যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের হাতবোমার আঘাতে একজন প্রাণ হারিয়েছেন। পুলিশের দাবি তিনি নিষিদ্ধ ‘চরমপন্থি দলে’র সদস্য। 

শুক্রবার রাত ১০টার দিকে শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। 

নিহত ৪০ বছর বয়সী জিয়া ফকির একই এলাকার মৃত ওহাব ফকিরের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা এলাকায় চায়ের দোকানে বসেছিলেন। রাত ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে হাতবোমা হামলা চালায়।

“একটি ককটেল তার শরীরে (পেটে) এসে বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।” 

তিনি আরও বলেন, “এলাকায় একটি সন্ত্রাসী দলের হোতা ছিল জিয়া। যা জিয়া বাহিনী নামে পরিচিত। দীর্ঘদিন তিনি ঢাকায় পালিয়েছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফিরেছেন।” 

অভয়নগর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ বলেন, জিয়া চরমপন্থি দলের সদস্য ছিলেন। তার নামে অভয়নগর থানাতে হত্যাসহ কমপক্ষে চারটি মামলা রয়েছে। 

কারা ও কেন তাকে লক্ষ্য করে এই বোমা হামলা চালিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, এই বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ওসি।