রাজবাড়ীতে সন্তানদের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
সংসারে আয় রোজগার না থাকায় কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল।
রাজবাড়ী সদর উপজেলায় দুই সন্তানের সামনেই এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বুধবার রাত পৌনে ২টার দিকে উপজেলার বানিবহ ইউনিয়নের বার্তা গ্রামে এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানিয়েছেন।
নিহত গৃহবধূ বিউটি বেগম (২৮), তার স্বামীর নাম আব্দুল লতিফ কাজী। প্রায় এক যুগ আগে বিয়ে হওয়া এই দম্পতির ১০ বছর বয়সী মেয়ে ও চার বছর বয়সী ছেলে রয়েছে।
বিউটি আক্তারের চাচাতো ভাই জহির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লতিফ কাজী আগে ব্যবসা করলেও বেশ কিছুদিন ধরে বেকার ছিলেন। সংসারে আয় রোজগার না থাকায় কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল।
“বুধবার রাতে খাবার খেয়ে বিউটি দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১২ টার দিকে লতিফ বাড়িতে ফিরলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ঘরে থাকা চাপাতি দিয়ে দুই সন্তানের সামনেই বিউটিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় লতিফ।”
পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ রাতেই মরদেহ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই বিউটির স্বামী লতিফ পলাতক রয়েছেন।
“ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ বলা যাবে।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। একইসঙ্গে লতিফকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে বলেও জানান পুলিশ কর্মকর্তা উত্তম কুমার।
