২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের এই জিহাদী বিএনপির নূরুল ইসলাম খুনেরও আসামি ছিলেন

র‌্যাব জানায়, নিজের বাহিনী গড়ে তুলে অপরাধকর্ম চালিয়ে যাওয়া কাশেম জিহাদী অন্তত আটটি খুনের মামলার প্রধান আসামি।

লক্ষ্মীপুরের এই জিহাদী বিএনপির নূরুল ইসলাম খুনেরও আসামি ছিলেন

বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদী।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2023, 09:15 AM

Updated : 02 May 2023, 01:43 PM

বিশ বছর আগে লক্ষ্মীপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন আজকের আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদী, যিনি এখন ছাত্র ও যুবলীগের দুই নেতা খুনের মামলায় ফেরারী। 

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে আবুল কাশেম জিহাদী একটি বাহিনী গড়ে তুলেছেন, যেটি হত্যাসহ নানা অপরাধ চালিয়ে আসছে। সদর ও চন্দ্রগঞ্জ থানায় তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 

বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জিহাদী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান হন মাহফুজুর রহমান। 

এই ইউপি নির্বাচন নিয়ে কাশেম জিহাদী ও তার অনুসারীদের সঙ্গে মাহফুজুর রহমান ও তার ভাই লক্ষ্মীপুর জেলা যুবলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের দ্বন্দ্বের শুরু। 

এর জেরে গত ২৫ এপ্রিল রাতে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেনকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। 

এই হত্যাকাণ্ড কাশেম জিহাদীর ‘প্রত্যক্ষ মদদে’ হয় বলে র‌্যাব নোয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান দাবি করছেন। 

সোমবার দুপুরে র‌্যাব নোয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, নোমান ও রাকিব হত্যা মামলার ১ নম্বর আসামি আবুল কাশেম জিহাদী ২০০০ সালে অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যার আসামি। 

তিনি আরও জানান, জিহাদী ২০১৩ সালে দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীম, দত্তপাড়ার আবু তাহের, বশিকপুর ইউনিয়নের নন্দী গ্রামের মোর্শেদ, করপাড়ার মনির হোসেন, উত্তর জয়পুরের সেলিম ভূইয়া ও কামাল হোসেন হত্যাসহ বশিকপুর ইউনিয়নের জোড়াখুন মামলারও প্রধান আসামি। 

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে কাশেম জিহাদী তার ‘জিহাদী বাহিনী’ গড়ে তোলেন। তার বাহিনীর ৩০০ সদস্য রয়েছে। এ বাহিনী এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছিল।   

“সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক রাকিব হত্যাকাণ্ড তার প্রত্যক্ষ মদদে সংগঠিত হয়।” 

এ ঘটনায় নিহত আবদুল্লাহ আল নোমানের বড় ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে ২৬ এপ্রিল রাতে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। তাতে কাশেম জিহাদীকে প্রধান আসামি করে আরও ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ১৪/১৫ জনকে আসামি করা হয়। 

এ মামলায় এখন পর্যন্ত যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ ৯ আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি কাশেম জিহাদী পলাতক। 

জিহাদীর উত্থান ২৫ বছর আগে 

আবুল কাশেম জিহাদী ২৫ বছর আগে ‘জিহাদী বাহিনী’ গড়েন। ওই সময় তিনি আওয়ামী লীগে যোগ দেন। তার আগে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে তার চলাফেরা ছিল বলে স্থানীয়রা জানায়। 

স্থানীয়রা জানান, ১৯৯৬ সালে লক্ষ্মীপুর পৌরসভার তৎকালীন মেয়র ও জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবু তাহেরের হাত ধরেই কাশেম জিহাদীর উত্থান। তার পৃষ্ঠপোষকতা নিয়েই ২০১০ ও ২০১৬ সালে তিনি বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হন তিনি। 

সংবাদমাধ্যমের বিভিন্ন খবর পর্যালোচনা করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালে কাশেম জিহাদী হঠাৎ একদিন উধাও হয়ে যান। ওই সময় তার মোবাইল ফোনও বন্ধ থাকে। ওই সময় তাকে অপহরণ করা হয় বলে খবর ছড়ায় তার সমর্থকরা। 

এ ঘটনাকে সামনে রেখে জিহাদীর সমর্থকরা লক্ষ্মীপুরে ব্যাপক তাণ্ডব চালায়। ওই সময় লক্ষ্মীপুরের মেয়র ছিলেন আওয়ামী লীগ নেতা আবু তাহের (বর্তমানে প্রয়াত)। ওই সময় তাহেরের নেতৃত্বে কাশেম জিহাদীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলও হয়। 

কিছুদিন পর জিহাদী নিজেই আত্মগোপন থেকে বের হয়ে আসেন। তারপর এলাকায় শুরু হয় একের পর এক হত্যাসহ নানা অপরাধ কাজ। 

২০১৩ সালের ২২ নভেম্বর ঘুমন্ত অবস্থায় যুবলীগ নেতা মোরশেদকে হত্যা করে একদল লোক। 

২০১৫ সালের ১৭ জুন বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উল্যাকে গলা কেটে হত্যা করা হয়। একই বছরের ২১ মার্চ গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় পাশের এলাকা নোয়াখালীর চাটখিলের আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী গোলাম মাওলাকে। 

২০১৬ সালের ২৯ এপ্রিল প্রকাশ্যে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন চৌধুরী ও তার ভাই ইব্রাহিম হোসেন রতনকে গুলি করে হত্যা করা হয়। একই বছরের ৫ অগাস্ট হত্যা করা হয় লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফয়সালকে। 

২০২১ সালের ৪ অগাস্ট লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে হত্যা করা হয়। 

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রাতে বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন পাটওয়ারীকে গুলি করে হত্যা করা হয়। 

সবগুলো হত্যার মামলায় জিহাদী আসামি বলে বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান জানান। 

আবু তাহেরের সঙ্গে কাশেম জিহাদীর সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করলেও তার এখনকার কাজের দায় নিতে নারাজ তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লব। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাবা যখন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তখন কাশেম জিহাদী আওয়ামী লীগে যোগ দেন। সে সময়ের দলের প্রয়োজনে তাকে আওয়ামী লীগে নেওয়া হয়। দল করার কারণে তার সাথে আমাদের সুসম্পর্ক ছিল। কিন্তু তার কৃতকর্মের জন্য তো আবু তাহের বা আমার পরিবার দায়ী নয়।” 

তিনিও যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমানের হত্যাকারীদের বিচার চান জানিয়ে বিপ্লব বলেন, “বর্তমানে তো আর তাহের মিয়া জেলা আওয়ামী লীগের নেতৃত্বে নাই; আর তিনি বেঁচেও নেই। তাহলে জিহাদীকে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ কে দিয়েছে?” 

চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা কাশেম জিহাদীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করলেও আলাউদ্দিন হত্যার পর জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা জিহাদীকে ‘প্রমোশন’ দিয়ে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি করেন। 

জিহাদ পদ পাওয়ার বিষয়ে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়নের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি বর্তমানে কানাডায় রয়েছেন। তার হোয়াটস অ্যাপ নম্বরে কয়েকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা জিহাদীকে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বানিয়েছেন।

২০০০ সালের ১৮ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল ইসলামকে শহরের উত্তর মজুপুরের বাসা থেকে তাহেরের ছেলে বিপ্লবের নেতৃত্বে অপহরণ করা হয়। পরে তাকে শহরের থানা রোডে তাহেরের পিংকী প্লাজায় রেখে হত্যা করে লাশ টুকরো টুকরো করে বালির বস্তায় ভরে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। 

এ মামলায় ২০০৩ সালের ৯ সেপ্টেম্বর তাহেরপুত্র এইচ এম বিপ্লব, আবদুল জব্বার লাভলু, আলমগীর হোসেন, তানভীর হায়দার ও জিয়াউর রহমানকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

পরবর্তীতে বিপ্লবের বাবা এম এ তাহেরের প্রাণভিক্ষার আবেদনে রাষ্ট্রপতি বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফ করেন।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে জোড়া খুন: দোকান বন্ধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ  

লক্ষ্মীপুরে জোড়া খুন: আরও ৪ আসামি গ্রেপ্তার  

লক্ষ্মীপুরে জোড়া খুন: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  

লক্ষ্মীপুরে জোড়া খুন: ৪ আসামি রিমান্ডে  

লক্ষ্মীপুরে জোড়া খুন: যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ ৪ গ্রেপ্তার  

লক্ষ্মীপুরে জোড়া খুনে মামলা, আসামি সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জন  

লক্ষ্মীপুরে নোমান-রাকিবের দাফন সম্পন্ন  

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গুলি করে হত্যা