লক্ষ্মীপুরে জোড়া খুন: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সিসি ক্যামেরা ফুটেজে আটজনকে অস্ত্রহাতে দেখা গেছে; তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান যুবলীগের নেতারা।
লক্ষ্মীপুর সদরে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
শনিবার বিকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা যুবলীগের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) ও সদর উপজেলা (পূর্ব), রামগতি, কমলনগর, রামগঞ্জ এবং রায়পুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারী, সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মেজবাহ উদ্দিন হেলাল ও যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ রাকিব।
আরও বক্তব্য দেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক শেখ জামাল রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আহছান উল্যা হিরন, যুবলীগ কর্মী মোফাচ্ছের হোসেন চুন্নু, রামগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীরা কোনো দলের নয়, তারা সমাজের জন্য অভিশাপ। যারা মায়ের বুক খালি করে তারা মানুষ হতে পারে না। হত্যাকারী যদি যুবলীগের হয় তাহলে তাকে দল থেকে বহিষ্কার করে আইনের মুখোমুখি করা হোক।
আসামিদের গ্রেপ্তারে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারী বলেন, “সিসি ক্যামেরা ফুটেজে আটজনকে অস্ত্রহাতে দেখা গেছে। তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।”
বুধবার রাতে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেনকে গুলি করে হত্যা করে একদল বন্দুকধারী।
এ ঘটনায় বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জেহাদীকে প্রধান আসামি করে আরও ১৮ জনের নামে মামলা করা হয়।
মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
আরও পড়ুন:
