লক্ষ্মীপুরে জোড়া খুনে মামলা, আসামি সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জন
মামলায় বশিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে প্রধান আসামি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদরে সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় বশিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানিয়েছেন, বুধবার রাত ১টার দিকে নিহত আবদুল্লাহ আল নোমানের বড় ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। চন্দ্রগঞ্জ থানায় করা এই মামলার নম্বর ১৭।
মামলায় বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জেহাদীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা ১৪/১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।
মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেনকে গুলি করে হত্যা করা হয়।
সে সময় নোমান ছাত্রলীগ নেতা রাকিবকে নিয়ে মোটরসাইকেলে নাগেরহাটের দিকে যাচ্ছিলেন। তারা নাগেরহাটের কাছাকাছি পৌঁছলে বন্দুকধারীরা তাদের গুলি করে। হামলাকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে গেছে।
গুলির শব্দে স্থানীয়রা গিয়ে গুলিবিদ্ধ দুজনকে পড়ে থাকতে দেখেন। মাথায় ও মুখে গুলিবিদ্ধ হয়ে নোমান মারা যান ঘটনাস্থলে। গুলিবিদ্ধ রাকিবকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনিও মারা যান।
নোমান সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি প্রস্তাবিত জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। তার বড় ভাই মাহফুজুর রহমান ওই ইউনিয়নের চেয়ারম্যান।
রাকিব বশিকপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও একই ইউনিয়নের নন্দীগ্রামের রফিক উল্যার ছেলে।
আরও পড়ুন
