২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

দুই নেতা জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ভিত্তিহীন এ অভিযোগ করা হয়েছে।

মানিকগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মানিকগঞ্জের হরিরামপুর থানা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 07:53 PM

Updated : 14 Jul 2023, 12:07 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম আহ্বায়কসহ ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান, বুধবার রাতে উপজেলার লেছড়াগঞ্জ বালু মহালের ইজারাদার মো. আলমগীর হোসেন বাদী হয়ে এ অভিযোগ করেছেন।

হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা ফরিদসহ ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার উপজেলার লেছড়াগঞ্জ বালু মহাল থেকে পদ্মা নদী দিয়ে বালু নিয়ে যাচ্ছিল একটি বাল্কহেড। এ সময় ধূলসুরা এলাকায় পদ্মা নদীতে দেশীয় অস্ত্রসহ লুৎফর রহমান, মোল্লা ফরিদ, ধূলসুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, রিফাত চৌধুরী, রিতান মোল্লা, মো. সোহাগ, ইমারত হোসেন, সিদ্দিক হোসেন ও রিপন মোল্লার নেতৃত্বে ১০-১২ জন বাল্কহেডের সুকানি ও শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেন।

এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সুকানি ইউনুসসহ কয়েকজনকে মারধর করেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আর বাল্কহেড আটকে আমার কী লাভ? এগুলো মিথ্যা অভিযোগ।”

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা ফরিদ বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা থেকে অভিযোগ করা হয়েছে। ওই দিন একটি ঘটনায় মানিকগঞ্জ ও হরিরামপুরের সাংবাদিকদের সঙ্গে বাল্লায় ছিলাম। তারপর বিকালে আমি সিংগাইর চলে যাই। এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”

ওসি সুমন কুমার আদিত্য বলেন, অনুসন্ধান চলছে। ঘটনার সত্যতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।