২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে বাবা কাউছার ও মা নাজমা বেগম বার বার মূর্ছা যাচ্ছিলেন।

চাঁদপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রতীকী ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 09:16 PM

Updated : 31 Jul 2023, 09:16 PM

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে বলে ফরিদগঞ্জ থানার ওসি মো. আবদুল মান্নান জানান।   

নিহতরা হলেন- গ্রামের কাউছার পাটওয়ারী ও নাজমা বেগমের মেয়ে নূরজাহান (৫) এবং তার ছোট বোন নূহা (৪)।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে মেয়েরা পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পুকুরে স্নান করতে যায়। তখন তারা পুকুরে ডুবে যায়। পরে প্রতিবেশি এক ব্যক্তি গোসলে এলে তার পায়ে একজনের ধাক্কা লাগে। তখন তিনি চিৎকার করে পরিবারের সদস্যদের ডাকেন। তারা গিয়ে আরেকজনকেও উদ্ধার করে।

দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি মান্নান। তিনি আরও বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে বাবা কাউছার ও মা নাজমা বেগম বার বার মূর্ছা যাচ্ছিলেন। প্রতিবেশিরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। 

নাজমা বেগম চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, “আমি বলেছিলাম, মা কিছুক্ষণ পর জোহরের আজান দেবে তখন তোমাদের গোসল করিয়ে দেব। তখন বলল, মা আমরা পুকুরে গোসল করব। আমার দুই পরী পানিতে ডুবে গেছে।”