২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে একমাসে ডেঙ্গু আক্রান্ত ৮১১ জন

চাঁদপুরের সিভিল সার্জন বলেন, “ঢাকা থেকে লঞ্চযোগে ডেঙ্গু মশা চাঁদপুরে আসতে পারে। আবার লঞ্চে ডেঙ্গু মশা থাকায় অনেক যাত্রী আক্রান্ত হচ্ছেন।” 

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 06:53 PM

Updated : 04 Aug 2023, 07:07 PM

চাঁদপুরে গত জুলাই মাসে ৮১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, এ ছাড়া ১ অগাস্ট থেকে ৩ অগাস্ট পর্যন্ত ১৪০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালেই আছেন ৫৮ জন।  

সিভিল সার্জন শাহাদাৎ হোসেন আরও জানান, চাঁদপুর সরকারি হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছে।

এর মধ্যে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ জন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬ জন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২২ জন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়া কিছু রোগী আছেন যারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। 

চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জমির হোসেন বলেন, “আমি ঢাকায় উত্তরাতে চাকরি করি। সেখানে হঠাৎ জ্বরসহ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ি। পরে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু শনাক্ত হয়। এরপর বাড়ি চলে আসি। অবস্থার উন্নতি না হলে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হতে হয়।”

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একে এম মাহবুবুর রহমান বলেন, “প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের শুধু সচেতন হতে হবে। চাঁদপুর সরকারি জেলা হাসপাতালে যে সব রোগীরা ভর্তি আছেন, যার বেশিরভাগই ঢাকাতে আক্রান্ত হয়েছেন।”

তিনি আরও বলেন, “হাসপাতালে আগত রোগীদের আমরা মাইকিং করে সচেতন করছি। হাসপাতালে দুটি ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, রোগীর চাপ এতটাই বেড়েছে যে, যার কারণে আমাদের ফ্লোরে রেখেই চিকিৎসা সেবা দিয়ে যেতে হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ডাক্তার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।” 

চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, “জুলায়ের মাঝামাঝি থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য ডেডিকেটেড বেডের ডেঙ্গু ইউনিট করার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেগুলোতে ডেঙ্গু কর্নর করা হয়েছে।

“ঢাকা থেকে লঞ্চযোগে ডেঙ্গু মশা চাঁদপুরে আসতে পারে। আবার লঞ্চে ডেঙ্গু মশা থাকায় অনেক যাত্রী আক্রান্ত হচ্ছেন। আমরা পৌরসভাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কাজ করে যাচ্ছি।” 

চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, “সরকারি নির্দেশনার বাইরেও নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। পৌরসভা থেকে অতিরিক্ত জনবল নেওয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে আলাদাভাবে মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হবে।”