২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাসে আগুন, গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা

বাসে ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 01:17 PM

Updated : 31 Oct 2023, 01:17 PM

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিনে সিলেটে যাত্রীবাহী বাসে ভাঙচুর, আগুন দেওয়া ও গাছ ফেলে রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চান্দাইমুখীর রাস্তার মুখে একটি বাসে ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আজবাহার আলী শেখ।

তবে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের ওই বাসের যাত্রীরা গাড়ির টায়ারে লাগা আগুন দ্রুত নিভিয়ে ফেলেন। এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পিকেটাররা পালিয়ে যায়।

এর আগে সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন পিকেটাররা।

সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার তেতলি-অতিরবাড়ি এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারীরা। পরে সেখানে পুলিশের সঙ্গে  অবরোধকারীদের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা।

এদিকে সকাল ৯টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড কদমতলী থেকে কোনো দূরপাল্লার কোনো বাস ছাড়ে যায়নি। কুমারগাঁও বাসস্যান্ড থেকেও বাস ছেড়ে যায়নি।

তবে নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করতে দেখা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে। 

উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, “সকালে দক্ষিণ সুরমায় একটি বাসে ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। মানুষজনের চলাচল নির্বিঘ্ন করতে পুলিশ সক্রিয় আছে।”

সিলেটে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিএনপির অবরোধ কর্মসূচি চলছে। সকাল ৬টা থেকে আমাদের নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে রয়েছেন। আমাদের পাঁচজন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। সফল করতে নেতা-কর্মীরা মাঠে থাকবেন।’’