লক্ষ্মীপুরে ‘ভাতিজার লাঠির আঘাতে’ প্রাণ গেল বৃদ্ধের
পুলিশ জানায়, ছেলের বিয়ে ভেঙে দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বৃদ্ধকে লাঠি দিয়ে আঘাত করেন তার ভাতিজা।
লক্ষ্মীপুর সদরে লাঠির আঘাতে ৬২ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের উত্তর বাঞ্চানগর গ্রামের বায়েজিদ পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান।
নিহত সুজায়েত উল্যা পাটোয়ারী ওই বাড়ির প্রয়াত এনায়েত উল্যাহ পাটোয়ারীর ছেলে।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, আগামী সপ্তাহে সুজায়েতের ছেলে সৌরভের বিয়ের কথা ছিল। কিন্তু সুজায়েতের চাচাত ভাই হানিফ পাটোয়ারী ও তার ছেলে কিরণ পাটোয়ারী মেয়ে পক্ষের কাছে সৌরভকে নিয়ে নানা অপবাদ দিলে বিয়ে ভেঙে যায়।
সুজায়েতের আরেক ভাতিজা আজাদ বলেন, “দুপুরে চাচা বাড়ির পাশে পুকুরে গোসল করতে যাওয়ার সময় বিয়ে ভেঙে যাওয়ার বিষয়ে হানিফকে জিজ্ঞেস করেন।
“এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হানিফ ও কিরণ সুজায়েতকে মারধর করেন। এ সময় কিরণ লাঠি দিয়ে সুজায়েতের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়ার কথা জানান ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টি নিয়ে জানতে হানিফ ও তার ছেলে কিরণের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি মোসলেহ উদ্দিন।
