২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মেয়ের সামনে মাকে কুপিয়ে হত্যা

ঘটনার পর থেকেই গৃহবধূর স্বামী পলাতক আছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2022, 10:21 PM

Updated : 21 Oct 2022, 10:21 PM

ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পেয়েছে পুলিশ; ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক রয়েছেন।  

বৃহস্পতিবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যেরগাতি এলাকায় এ ঘটনা ঘটে বলে বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান।

নিহত নূপুর আক্তার (২৫) একই এলাকার মুসা মোল্যার (৩৫) স্ত্রী। মুসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। তাদের ১৩ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

নূপুর আক্তার নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নুর নবী খানের মেয়ে। অল্প বয়সে তিনি বাবাকে হারান। তার পর থেকে তিনি মায়ের সঙ্গে মধ্যেরগাতি নানাবাড়িতে থাকতেন।

পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, বেশ কিছুদিন ধরেই মুসা-নূপুর দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। মুসা অভিযোগ করতেন, তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। এ নিয়ে এলাকায় সালিশও হয়। একপর্যায়ে নূপুর স্বামীর বাড়ি ছেড়ে তার মায়ের কাছে চলে যান।

এই অবস্থার মধ্যেই মুসা বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নূপুরের মায়ের বাড়ি যান। এবং কথা কাটাকাটির একপর্যায়ে মেয়ের সামনেই এলোপাথাড়ি কুপিয়ে স্ত্রীকে জখম করেন। পরে নূপুরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর নূপুর মারা যান বলে পরিবারের সদস্যরা জানান।

বোয়ালমারী থানার ওসি আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।