২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪০৩০ টন উৎপাদনের লক্ষ্যে কেরুর চিনিকলে আখ মাড়াই শুরু

সংশ্লিষ্টরা জানান, মৌসুমের ৫২ কার্য দিবসে রাষ্ট্রায়ত্ত এ চিনিকলে আখ মাড়াই হবে ৬৫ হাজার মেট্রিক টন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 06:46 PM

Updated : 15 Dec 2023, 07:50 PM

চুয়াডাঙ্গায় রাষ্ট্রায়ত্ত দর্শনা কেরু চিনিকলে ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হয়েছে। এ মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩০ মেট্রিক টন।

আখ মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে শুক্রবার চিনিকলের মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের সদর দপ্তরের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার।

সভায় আখের মূল্য ও গুণগত মান নিশ্চিত, কেরুর চিনি সরবরাহ ও চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধিসহ আখ চাষ বাড়ানো নিয়েও আলোচনা হয়।

বিকালে আলোচনার শেষ পর্বে সভার প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন সদর দপ্তরের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম দর্শনা কেরু চিনিকলের ‘ক্যান ক্যারিয়ারে’ আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এরপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, জেলা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মাহাফুজুর রহমান মনজু, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন সদর দপ্তরের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) আতাউর রহমান খান, চুয়াডাঙ্গা দর্শনা কেরুর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোশারফ হোসেন ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ মৌসুমের ৫২ কার্য দিবসে ৬৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই হবে। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৪ হাজার ৩০ মেট্রিক টন। যার বিপরীতে মিলজোন এলাকার জমিতে আখ দণ্ডায়মান আছে ৩ হাজার ৮০২ একর।