যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ
প্রগতি ইন্ডাস্ট্রিজের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু ও লোকসান কমাতে কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দিয়েছে কমিটি।
যৌথ বিনিয়োগের মাধ্যমে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে বলেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির নবম বৈঠকে এ সুপারিশ এসেছে।
রাষ্ট্রায়ত্ত গাড়ি উৎপাদনকারী কোম্পানি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যক্রম সম্প্রসারণ এবং সরকারের বৈদ্যুতিক যানবাহন নীতির সঙ্গে মিল রেখে দেশে গাড়ি উৎপাদনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব ও উপস্থাপনা পরবর্তী বৈঠকে তুলে ধরতে বলা হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া বৈঠকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিকের অধীন প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা পর্যালোচনা করা হয়।
বিএসইসির অধীন লোকসানি শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসানের কারণ চিহ্নিত করে তা কমাতে প্রতিষ্ঠানভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মালিকানা ও মামলা-সংক্রান্ত জটিলতা নিরসনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এসব প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও সম্পদ কীভাবে কাজে লাগানো যায় এবং প্রতিষ্ঠানগুলো আবার চালু করা সম্ভব কি না, তা যাচাই করতে বলা হয়েছে।
বৈঠকে বিএসএফআইসির অধীন বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আখের উৎপাদন বাড়ানো এবং কৃষকদের আখ চাষে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেয় কমিটি।
দেশে চিনির চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম হওয়ায় বৈঠকে চিনিকলগুলোর উৎপাদন সক্ষমতা বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর তাগিদ দেওয়া হয়।
এ ছাড়া বিসিকের অধীন ৮৪টি শিল্পনগরীর কার্যক্রম পর্যালোচনা করেছে কমিটি।
যেসব শিল্পপ্লটে উৎপাদন বন্ধ রয়েছে অথবা প্রত্যাশিত মাত্রায় উৎপাদন হচ্ছে না, সেগুলোর সমস্যা ও কারণ চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধান, উৎপাদন বাড়ানো এবং রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট করপোরেশনগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর লুনা, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।
শিল্প মন্ত্রণালয়, সংশ্লিষ্ট তিন করপোরেশন ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
