জাফলংয়ে নারী পর্যটকদের যৌন হয়রানি, তরুণের কারাদণ্ড
সুনামগঞ্জের ছাতক থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসেন। ওই পরিবারের নারীরা দুই কিশোর ও এক তরুণের যৌন হয়রানির শিকার হন।
সিলেটের জাফলংয়ে কয়েকজন নারী পর্যটককে যৌন হয়রানি করার অভিযোগে এক তরুণকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া দুই কিশোরকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের ওসি মো. রতন শেখ।
দণ্ডপ্রাপ্ত তরুণ সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্রামের অহিদুর রহমানের ছেলে জাহিদুর রহমান (২১)।
ওসি বলেন, “শুক্রবার সুনামগঞ্জের ছাতক থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসেন। ওই পরিবারের নারীরা দুই কিশোর ও এক তরুণের ইভটিজিংয়ের শিকার হন।
“ভিকটিমরা বিষয়টি তৎক্ষণাৎ ট্যুরিস্ট পুলিশকে জানালে আমরা ইভটিজারদের আটকে উপজেলা প্রশাসনকে খবর দেই। ”
পরে উপজেলা প্রশাসন এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তরুণকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। আদালতের বিচারক ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।
বাকি দুজন কিশোর হওয়ায় তাদের পরিবারকে খবর দিয়ে নিয়ে এসে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।
