‘আরও তিন জেলায় সাংস্কৃতিক ইনস্টিটিউট হবে’
সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে সাতটি সাংস্কৃতিক ইনস্টিটিউট রয়েছে।
নৃগোষ্ঠীর সংস্কৃতির নিজস্বতা ধরে রাখতে ও ঐতিহ্য রক্ষা করতে দেশে তিন জেলায় আরও তিনটি সাংস্কৃতিক ইনস্টিটিউট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ জোহরা খাতুন।
বুধবার বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের দাঁতভাঙ্গা পাড়ায় তঞ্চঙ্গ্যাদের লোকসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পরিমেয় ঐতিহ্য শাখার উপসচিব মোসাম্মৎ জোহরা খাতুন বলেন, নিজস্বতা ধরে রাখতে ও ঐতিহ্য রক্ষা করতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। পাহাড়ে বিভিন্ন নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে। এগুলো সংরক্ষণ ও চর্চা করার সুযোগ করে দিচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়।
শুধু পাহাড়ে নয়, সমতলে বাস করা আরও বিভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতি বিকাশেও সরকারের আন্তরিকতা রয়েছে জানিয়ে তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে সাতটি সাংস্কৃতিক ইনস্টিটিউট রয়েছে। নওগাঁ, দিনাজপুর ও ময়মনসিংহের হালুয়াঘাটে আরও তিনটি সাংস্কৃতিক ইনস্টিটিউট নির্মাণ করা হবে।
সাংস্কৃতিক ইনস্টিটিউটের কর্মকর্তাদের আরও নতুন ধারণা নিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বায়নের যুগে সবকিছু পরিবর্তন হবে। সংস্কৃতিও এর বাইরে নয়। কিন্তু নিজেদের মূল সংস্কৃতি ও ঐতিহ্যকে চর্চা করে পরিবর্তন বজায় রাখতে হবে।
আয়োজক সংস্থা বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা বলেন, তঞ্চঙ্গ্যাদের ‘গেংগুলি লোকসংগীত’ অত্যন্ত সমৃদ্ধ। বর্তমানে বান্দরবান জেলায় এই গেংগুলি লোকসংগীত ভালো পারে একজন মাত্র শিল্পী রয়েছে।
“নতুন প্রজন্মরা যাতে এই সব লোকসংগীতের প্রতি আগ্রহী হয় তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে বিভিন্ন এলাকায় গিয়ে আবার সেগুলি পরিবেশনের ব্যবস্থা করা হচ্ছে।”
তাছাড়া বান্দরবানের ১১টি জনগোষ্ঠীর ঐতিহ্য রক্ষা ও সংস্কৃতি বিকাশে নানা মেয়াদের বিভিন্ন ধরনের গান, নাচ ও বাদ্যযন্ত্র প্রশিক্ষণ চলমান রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিল্পীরা তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী গেংগুলি, উবাগীত. খেখং ও দুদক বাদন পরিবেশন করেন। এছাড়া সদর ইউনিয়নের রেইছা সিনিয়র পাড়া ও সাতকমল পাড়া শিল্পীদের উপস্থাপনায় পরিবেশন করা হয় জুমনৃত্য।
শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সংস্কৃতি শাখার প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।
আশপাশের কয়েকটি পাড়ার তিন শতাধিক বাসিন্দা অনুষ্ঠানটি উপভোগ করেন।
