২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাচলে ২ প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বেড়ে ৪

চলমান অবস্থায় চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে পাশের লেনে গিয়ে পড়ে।

পূর্বাচলে ২ প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বেড়ে ৪

মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 05:07 PM

Updated : 12 Dec 2023, 05:07 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে।

মঙ্গলবার সকালে দুর্ঘটনার পর দুপুরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিলন মিয়া নামে আরেকজনের মৃত্যু হয়।

মিলন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন থেকে ঢাকামুখী প্রাইভেটকারটির চালক ছিলেন।

সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-পূর্বাচল (তিনশ ফুট) সড়কের রূপগঞ্জ উপজেলার ভূঁইয়াবাড়ির ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন।

তিনি বলেন, হতাহত আটজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শেখ সাব্বির আহমেদ জানান, পূর্বাচলে দুর্ঘটনায় হতাহত আটজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহত অন্য পাঁচজনের মধ্যে তিনজনকে এ হাসপাতালে রেখে গুরুতর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে রেফার্ড করা দুজনের মধ্যে মিলন মিয়া পথেই মারা যান। হাসপাতালে আনার পর দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের মর্গে মিলনের মরদেহ শনাক্ত করেন তার চাচাতো ভাই শরীফ মিয়া। রূপগঞ্জ উপজেলার কালাদী এলাকার আহসান উল্লাহর ছেলে মিলন পেশায় একজন প্রাইভেটকার চালক। দুই ভাইয়ের মধ্যে ছোট মিলন মাত্র ১৫ দিন আগে বিয়ে করেন বলে জানান শরীফ।

পুরনো খবর:

পূর্বাচলে ২ প্রাইভেটকারের সংঘর্ষে তিন জনের মৃত্যু

তিনি বলেন, “গাউছিয়া এলাকা থেকে চারজন যাত্রী নিয়ে কাঞ্চন হয়ে রাজধানীর কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন মিলন। পথে ৩০০ ফুট এলাকায় দুর্ঘটনার শিকার হয় গাড়িটি। খবর পেয়ে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে যাই, সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, তিনশ ফুট সড়কে একটি প্রাইভেটকার উপজেলার কাঞ্চন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সড়কে চলমান অবস্থায় চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে পাশের লেনে গিয়ে পড়ে।

এ সময় ঢাকা থেকে আসা অপর একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। আহত হন দুই গাড়ির চালকসহ আটজন।

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় নিহত অন্যরা হলেন- সোনারগাঁ উপজেলার কাদেরগঞ্জ এলাকার মৃত সাদেক হোসেনের ছেলে নুরুল ইসলাম (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শাহবাজপুর এলাকার মৃত লালু মিয়ার ছেলে ফজলুল হক (৫০), গাজীপুর সদরের লতিফপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে আমজাদ হোসেন (৪৫)।

এ ঘটনায় আহত চারজন হলেন- নিহত নুরুল ইসলামের ছেলে নাহারুল ইসলাম পাপ্পু (২৯), ঢাকার কামরাঙ্গীরচরের দক্ষিণ রসুলপুর এলাকার রহম আলীর ছেলে শুক্কুর আহম্মেদ (৩৮), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শাহবাজপুর এলাকার নুরু মিয়ার ছেলে আব্দুল মান্নান (৫০) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউপির রাধানগর এলাকার ফজলুল হকের ছেলে মো. সজীব (২৬)।

আহতদের মধ্যে শুক্কুর আলী অপর প্রাইভেটকারটি চালাচ্ছিলেন বলে জানায় পুলিশ। বাকিরা প্রাইভেটকারের যাত্রী ছিলেন।