২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাচলে ২ প্রাইভেটকারের সংঘর্ষে তিন জনের মৃত্যু

চলমান অবস্থায় চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে পাশের লেনে গিয়ে পড়ে।

পূর্বাচলে ২ প্রাইভেটকারের সংঘর্ষে তিন জনের মৃত্যু

মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 01:07 PM

Updated : 12 Dec 2023, 01:46 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন৷ 

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-পূর্বাচল (তিনশ’ ফুট) সড়কের রূপগঞ্জ উপজেলার ভূঁইয়াবাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন৷ 

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ৷ 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, তিনশ’ ফুট সড়কে একটি প্রাইভেটকার উপজেলার কাঞ্চন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সড়কে চলমান অবস্থায় চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে পাশের লেনে গিয়ে পড়ে। 

“এ সময় ঢাকা থেকে আসা অপর একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়৷ আহত হন দুই গাড়ির সাত যাত্রী।”

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।  

পুলিশ কর্মকর্তা আবির হোসেন বলেন, হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷ আহত আরও চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷