রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ২
মুক্তিযুদ্ধের সময় চারঘাটে খেতাব, মফিজ ও তাদের সহযোগীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে জানান পুলিশ সুপার।
রাজশাহীর চারঘাটে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন এক মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১টার দিকে উপজেলার কালুহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
গ্রেপ্তাররা হলেন- কালুহাটি গ্রামের প্রয়াত হাবিল উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন (৭৫) এবং একই এলাকার প্রয়াত মকছেদের ছেলে খেতাব (৮০)।
খেতাব অসুস্থ্ থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
শনিবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ হোসেন জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০০৯ সালের ৯ এপ্রিল চারঘাট থানায় মফিজ উদ্দিন ও খেতাবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর থেকে তারা আত্মগোপনে চলে যান।
“সম্প্রতি এলাকায় ফিরে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে খেতাব এলাকায় ‘কুখ্যাত রাজাকার’ হিসেবে পরিচিত। তিনি ১৯৭১ সালে চারঘাট থানা ও এর আশপাশের এলাকায় গণহত্যায় জড়িত ছিলেন বলে মামলায় উল্লেখ রয়েছে।
“তাদেরকে রাজশাহী জেলা আদালতের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে।”
পুলিশ সুপার আরও বলেন, মামলায় ছয় আসামির মধ্যে তিনজন মারা গেছেন এবং তিনজন পলাতক ছিলেন। তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হলেও এখনও একজন পলাতক রয়েছেন।
মামলার বরাতে পুলিশ সুপার বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন চারঘাটে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় খেতাব, মফিজ এবং তাদের সহযোগীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
“সেই সময় মুক্তিযোদ্ধাদের সহযোগিতা এবং আওয়ামী লীগ করায় অনেকের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিলেন তারা। এমনকি মুক্তিকামী অনেককে হত্যা করেছিলেন।”
এসব ঘটনায় চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের শহীদ রওশন আলী সরকারের ছেলে গোলাম হোসেন বাদী হয়ে মামলা করেন।
মামলায় বাদী অভিযোগ করেন, “আসামিদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী শহীদ রওশন আলী সরকার এবং রোস্তমপুর গ্রামের কলিম উদ্দিনকে ধরে নিয়ে বিবস্ত্র করে গাড়ির পিছনে বেঁধে নৃশংসভাবে হত্যা করেছিল। পাশাপাশি বাদীসহ তাদের প্রতিবেশী অনেকের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল আসামিরা।”
পুলিশ সুপার মাসুদ বলেন, রাজশাহীতে এখন পর্যন্ত মানবতাবিরোধী অপরাধে ১৭টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয় ১৩২ জনকে। তাদের মধ্যে মারা গেছেন ৫৩ জন। পলাতক রয়েছেন দুজন। সাজাপ্রাপ্ত হয়ে একজন কারাগারে ও বাকিরা জামিনে আছেন।
