২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে মহিষের আক্রমণে আহত কৃষকের মৃত্যু

সোমবার সকালে ঘাস খাওয়াতে মহিষটি মাঠে নিয়ে গেলে হঠাৎ দৌড়াতে শুরু করে; এ সময় গোলাপ মিয়াসহ ১০ জনকে আঘাত করে।

নরসিংদী প্রতিনিধি

Published : 30 May 2023, 10:11 PM

Updated : 30 May 2023, 10:31 PM

নরসিংদীর রায়পুরায় মহিষের শিংয়ের আঘাতে আহত কৃষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব।

নিহত কৃষকের নাম গোলাপ মিয়া (৭০)। তিনি রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ জানান, সোমবার সকালে লোচনপুর গ্রামের ফুলদির চক এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় গোলাপ মিয়া ও তার স্ত্রী শিরিয়া বেগম (৬০) গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, পণ্ডিত মিয়া নামের এক কসাই মহিষটি বিক্রির জন্য কিনে আনেন। সকালে ঘাস খাওয়াতে মহিষটি মাঠে নিয়ে গেলে হঠাৎ দৌড়াতে শুরু করে। এ সময় মহিষটি ওই দম্পতিসহ ১০ জনকে আঘাত করে। পরে লোকজন মহিষটিকে আটক করে।

আহতদের স্বজনরা জানায়, গোলাপ ও শিরিয়া জমিতে কাজ করছিলেন। হঠাৎ একটি মহিষ এসে ফসলের ক্ষতি করছিল। তাড়াতে গেলে মহিষটি শিরিয়াকে শিং দিয়ে তুলে আছাড় মারে। তাকে বাঁচাতে গোলাপ এগিয়ে গেলে তাকেও ফেলে দিয়ে পেটে শিং দিয়ে আঘাত করে মহিষটি। এতে গোলাপের পেটের নাড়ি-ভুঁড়ি বেরিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কৃষকেরা তাদের দুজনকে দ্রুত উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে প্রথমে তাদের নরসিংদীর সরকারি দুই হাসপাতালে নেওয়া হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে গোলাপ মিয়ার পেটে অস্ত্রোপাচার করা হয়। রাত ১০টায় অস্ত্রোপাচার কক্ষ থেকে বের করার পরপরই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তবে শিরিয়া বেগম এখনও হাসপাতালটিতে চিকিৎসাধীন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, শিরিয়া কিছুটা সুস্থ। তিনি কথা বলতে পারছেন।

সকালে নিহত গোলাপ মিয়ার মরদেহ গ্রামে নেওয়া হয়। বেলা ১১টার দিকে জানাজা শেষে তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

আরো পড়ুন:

পুরনো খবর:

নরসিংদীতে মহিষের আক্রমণে আহত দম্পত্তি