খুলনায় পুলিশ কর্মকর্তার উপর হামলা: ‘প্রকৃত অপরাধীদের’ গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আহতের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
খুলনায় পুলিশ কর্মকর্তার উপর হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে বুধবার সন্ধ্যার দিকে দেখতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে মন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। তিনি আহতের সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন।
খুলনা জেলার এ-সার্কেলে কর্মরত পরিদর্শক শাহ আলম গত বৃহস্পতিবার বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে কলেজিয়েট স্কুলের সামনে দুর্বৃত্তের হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তরা তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে শাহ আলমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
