মুন্সীগঞ্জে ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
গ্রেপ্তারদের মধ্যে দুইজন আছেন ফেনীর সোনাগাজীতে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা ও জুয়েলারি ডাকাতির মামলার আসামি।
মুন্সীগঞ্জ সদরে অটোরিকশা ছিনতাইকারীদের ধরতে গিয়ে ডাকাতির মামলার আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের মধ্যে দুইজন ফেনীর সোনাগাজীতে সোনা ব্যবসায়ীকে গুলি করে হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িত বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মাহফুর রহমান আল মামুন।
রোববার মুন্সীগঞ্জে নিজ কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ছিনতাই করা তিন অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
“গত বছরের ৩০ অক্টোবর সোনাগাজীতে দিনের বেলায় সোনার দোকানে হামলা চালিয়ে ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুড়িকে গুলি হত্যা করে প্রায় ৪০ ভরি সোনা লুট করে নিয়ে যায় একদল ডাকাত।
“সেই মামলার আসামি পিরোজপুরের রুবেল হাওলাদার (৩৩) ও লক্ষ্মীপুরের মনির হোসেন (৩২)। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।”
পুলিশ সুপার জানান, ডিবি পুলিশ ডাকাত চক্রটিকে কাছ থেকে অনেক অজানা তথ্য উদঘাটন করেছেন।
গ্রেপ্তার অন্যরা হলেন জাহাঙ্গীর আলম (৩৯), অহিদ হোসেন (৪৫), মোকসেদ বেপারী (৪১), নয়ন আহমেদ রাসেল (৩২) ও ওমর ফারুক (২৬)।
তাদের কাছ থেকে তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তারদের বরাতে পুলিশ সুপার বলেন, মুন্সীগঞ্জের দিঘিরপাড় বাজারের এক টিন ব্যবসাযী প্রতি বৃহস্পতিবার বেচাবিক্রির ১০/১২ লাখ টাকা নিয়ে মূলচরের বাড়ি ফিরতেন জাহাঙ্গীরের অটোরিকশায়। তিনি জাহাঙ্গীরকে বিশ্বস্ত করতেন।
“ঈদের আগে জাহাঙ্গীরই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মনির হোসেনের কাছে এই তথ্য ফাঁস করে ডাকাতির পরিকল্পনা করে। কিন্তু আগেই গোয়েন্দা পুলিশ তাদের আটক করায় ওই ব্যবসায়ী রক্ষা পান।”
