১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিজের হাতেগড়া গণস্বাস্থ্যে শেষবার জাফরুল্লাহ, অশ্রু-ফুলে বিদায়

সারিবদ্ধভাবে জনতা তার কফিনে ফুল দিয়ে, নিরবে দাঁড়িয়ে নতমস্তকে শ্রদ্ধা জানান।

নিজের হাতেগড়া গণস্বাস্থ্যে শেষবার জাফরুল্লাহ, অশ্রু-ফুলে বিদায়

শুক্রবার সাভারের মির্জানগরের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের মাঠে ডা. জাফরুল্লার চৌধুরীর প্রতি জনতার শ্রদ্ধা নিবেদন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 03:44 PM

Updated : 14 Apr 2023, 03:44 PM

সারাজীবন যে প্রতিষ্ঠানের মধ্যদিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজের কর্মকাণ্ড আর ভাবনাকে তৃণমূলের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন সেই গণস্বাস্থ্য কেন্দ্রে শেষবারের মত অগণিত মানুষ তাকে ফুল আর সজল চোখে বিদায় দিয়েছেন; জানিয়েছেন ‘কর্মবীরের’ প্রতি তাদের অতল শ্রদ্ধা। 

শুক্রবার সকাল থেকেই সাভারের মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের মাঠে বৈশাখের তীব্র তাপদাহ উপেক্ষা করে ফুল হাতে তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন শত শত মানুষ৷ সকাল সাড়ে ১০টা থেকে সারিবদ্ধভাবে জনতা তার কফিনে ফুল দিয়ে, নিরবে দাঁড়িয়ে, নতমস্তকে শ্রদ্ধা জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতার পরিবারের সদস্য, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শ্রদ্ধা জানাতে এসেছিলেন আশপাশের সাধারণ মানুষও। তারা এই বীর মুক্তিযোদ্ধার প্রতি তাদের ভাললাগার কথা, ভালবাসার কথাও স্মৃতিচারণ করছিলেন।

গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিরাজ আহমেদ শিথিল বলছিলেন, “আমাদের অভিভাবককে হারিয়েছি আমরা। তার মত মানুষ আর আসবে না। তার মৃত্যুতে গণস্বাস্থ্যের সবাই আজ শোকাহত। আমরা এই শোক কোনোদিনও ভুলতে পারব না।” 

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে জুমার নামাজের পর তার জানাজা হওয়ার কথা। শেষে নিজের হাতে গড়া গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে সবুজ ছায়ায় তাকে শায়িত করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে লাশবাহী ফ্রিজার ভ্যানে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আনা হয়।

জাফরুল্লাহ চৌধুরী ৮২ বছর বয়সে মঙ্গলবার রাতে মারা যান। তিনি ঢাকার ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নানা রোগে কাবু হয়ে গত কিছুদিন ধরে হাসপাতালে ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কোভিডে আক্রান্ত হওয়ার পর তার লিভারেও সমস্যা দেখা দেয়। এছাড়া তিনি অপুষ্টিসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকরা জানান।

গত ৩ এপ্রিল নগর হাসপাতালে ভর্তির পর সেখানেই তার চিকিৎসা চলছিল। গত রোববার তার শারীরিক অব্স্থার উন্নতি না হলে মেডিকেল বোর্ড গঠন করা হয়। অবস্থার অবনতি না ঘটল তাকে সোমবার নেওয়া হয়েছিল ‘লাইফ সাপোর্টে। 

এরপর মঙ্গলবার সকালে মেডিকেল বোর্ড বসে তার রক্তে সংক্রমণ পাওয়ার কথাও জানায়। তবে দুপুরে তার কিডনি ডায়ালাইসিস শুরু করা হয়েছিল। এরপর রাতেই আসে মৃত্যুর খবর। 

আরও পড়ুন:

পুরানো খবর:

চলে গেলেন জাফরুল্লাহ চৌধুরী

পুরানো খবর:

জাফরুল্লাহ চৌধুরী স্মরণীয় হয়ে থাকবেন: সাহাবুদ্দিন