লক্ষ্মীপুরে কোয়ার্টারে নারীর খণ্ডিত লাশ, নিখোঁজ ছোট ছেলে
দরজা ভেঙে ভেতরে ঢুকে মায়ের খণ্ডিত মৃতদেহ দেখতে পান বলে জানিয়েছে বড় ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের আবাসিক কোয়ার্টারের একটি ঘর থেকে এক নারীর কয়েক খণ্ডে বিভক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার বড় ছেলেকে হেফাজতে নিয়েছে পুলিশ, তবে নিখোঁজ রয়েছে ছোট ছেলে।
সোমবার রাত ২টার দিকে মৃতদেহের অংশগুলো উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান লক্ষ্মীপুর সদর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন।
নিহত মমতাজ বেগম (৪৫) লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী এলাকার মৃত আব্দুল মতিনের স্ত্রী। তিনি দুই ছেলে শরিফুল ইসলাম বাপ্পী ও সাইফুল ইসলাম রকিকে নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারের একটি বাসায় বসবাস করতেন।
আব্দুল মতিন লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগে গাড়ি চালক পদে চাকরি করতেন। তার মৃত্যুর পর বড় ছেলে বাপ্পী সড়ক বিভাগে অস্থায়ী ভিত্তিতে পিয়নের কাজ করেন। আর ছোট ছেলে রকি লক্ষ্মীপুর সরকারি কলেজের ডিগ্রির ছাত্র।
স্থানীয়দের বরাতে লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার এসআই শহিদুল ইসলাম জানান, ঈদের ছুটিতে মমতাজ বেগম তার ছোট ছেলেকে বাসায় রেখে বড় ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় তারা বাসায় ফেরেন। মাকে রেখে বড় ছেলে বাপ্পী আবার বাইরে যান।
রাত সাড়ে ১১টার দিকে বাপ্পী বাসায় এসে তার মাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এ সময় তিনি ঘরের প্রধান ফটক তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।
কিন্তু আশেপাশের বাসায় খোঁজ নিয়েও মায়ের কোনো খোঁজ পাননি বাপ্পী। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে মায়ের রক্তমাখা খণ্ডিত মৃতদেহ দেখতে পান তিনি।
শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য বাপ্পীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে মমতাজ বেগম খুন হয়ে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।
