নারায়ণগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহী ২ ভাইয়ের মৃত্যু
কুমিল্লায় যাওয়ার পথে বিপরীত দিকে থেকে আসা একটি কভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।
বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান।
নিহতরা হলেন- উপজেলার পূর্ব কেওঢালার প্রয়াত মোদাচ্ছের মিয়ার ছেলে আমান উল্লাহ (৩৫) ও জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া (২৮)। তারা মামাত-ফুফাত ভাই।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি ইব্রাহিম বলেন, বেলা ৩টার দিকে আমান ও শিশির মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে কাভার্ডভ্যানটি। তবে চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এই ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি ইব্রাহিম।
