নাফ নদীর কেওড়া বাগানে ফেলে যাওয়া ব্যাগে ২ লাখ ইয়াবা
পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পলিথিনের ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে নাফ নদীর পাশের ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়।
কক্সবাজারের টেকনাফে নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার ভোররাতে নাজিরপাড়া বিওপির কাছে গফুরের প্রজেক্ট এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয় বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গফুরের প্রজেক্ট এলাকা দিয়ে মাদকের চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবির দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল সেখানে অবস্থান নেয়।
টহলদল পাঁচ ব্যক্তিকে চারটি কালো পলিথিনের ব্যাগ হাতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে আসতে দেখে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পলিথিনের ব্যাগ ফেলে দিয়ে দ্রুত দৌড়ে নাফ নদীর পাশের ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরে পলিথিনের ব্যাগ থেকে দুই লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে এসব ধ্বংস করা হবে।
