সাতক্ষীরায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ
বনবিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায় বলে জানায় কর্তৃপক্ষ।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে ৬০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোররা ক্লোজারের কাছ থেকে এসব জব্দ করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী।
তিনি জানিয়েছেন, রাতে গোপন খবর পেয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সোররা ক্লোজারের কাছে অভিযান চালায়।
এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় চারটি বস্তা জব্দ করা হয়, যেখানে প্রায় ৬০ কেজি হরিণের মাংস পাওয়া যায়। পরে জব্দ করা মাংস মাটিতে পুঁতে রাখা হয়।
এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে জানিয়ে এসিএফ ইকবাল আরও বলেন, আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এর আগে ১ ডিসেম্বর রাত ১১টার দিকে সুন্দরবন সংলগ্ন মরাগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করে বনবিভাগ।
