ময়মনসিংহে ‘গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ’ কাঙাল হরিনাথকে নিয়ে আলোচনা
‘গণমাধ্যমের মন সাকিন ও তোমার আমার কাঙাল হরিনাথ’ শিরোনামে এই আলোচনা সভা হয়েছে।
বাংলার গ্রামীণ সাংবাদিকতার নির্ভিক পথিকৃৎ ও মরমী বাউল কাঙাল হরিনাথের জন্মদিনে ময়মনসিংহে আলোচনা সভা হয়েছে।
শনিবার বিকালে ময়মনসিংহের আকুয়া চৌরঙ্গী মোড়ে অবস্থিত ধারাপাত বিদ্যালয় চত্বরে ১৯০তম জন্মদিনে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন এই আলোচনা সভার আয়োজন করে।
‘গণমাধ্যমের মন সাকিন ও তোমার আমার কাঙাল হরিনাথ’ শিরোনামে এই সভা হয়।
এতে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদের সঞ্চালনায় কবি ও গায়ক কফিল আহমেদ, কবি ও লেখক আশির ব্রত চৌধুরী, সাংবাদিক রাজীব নূর, সাহিত্যিক সরকার আজিজ, লোকমান হাকিম, এহসান হাবিব ও আবদুল্লাহ আল মুক্তাদির আলোচনা করেন।
পরে কাঙাল হরিনাথের গান পরিবেশন করেন নূপুর সুলতানা।
কাঙাল হরিনাথের জীবন দর্শন নিয়ে আলোচনায় বক্তারা বলেন, অত্যাচারিত, অসহায়, নিষ্পেষিত কৃষক-সম্প্রদায়ের মুক্তির হাতিয়ার স্বরূপ সাংবাদিকতাকেই পেশা হিসেবে গ্রহণ করেছিলেন হরিনাথ মজুমদার। তিনি দারিদ্র্য ও সচেতনতা বিষয়ক লেখনি সংবাদপত্রে প্রকাশ করতেন।
কাঙাল হরিনাথ ব্যক্তির নিরিখে এবং গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদকীয়তা ও সাংবাদিকতায় উনিশ শতকের গ্রাম বাংলায় নদীয়া ও পার্শ্ববর্তী এলাকায় যে অবদান রেখেছেন তাও স্মরণীয় হয়ে থাকবে।
