৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

এইচএসসি: ময়মনসিংহে ৫১.৪৪ শতাংশ পাস, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে

পাস করেছেন ৩৬ হাজার ৩৫৪ জন। জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 12:49 PM

Updated : 31 Oct 2026, 12:49 PM

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ।

এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৩৬ হাজার ৩৫৪ জন। জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন।

শনিবার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহ।

তিনি জানান, ইংরেজি ও হিসাববিজ্ঞান বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এবার সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে।

এদিকে ফলাফলের পরিসংখ্যান থেকে জানা গেছে, এ বছর ময়মনসিংহ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। বিপরীতে শতভাগ পাস করেছে পাঁচটি প্রতিষ্ঠান।

শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি বলেন, “যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক নয়, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”