এইচএসসি: দিনাজপুরে সাত বছরের সর্বনিম্ন পাসের হার ৪৫ দশমিক ৯৮
এ বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজি এবং বিজ্ঞান বিভাগের পদার্থ ও জীববিজ্ঞান বিষয়ে।
এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পাশের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।
এ বছর ১ লাখ ১১ হাজার জন পরীক্ষায় উপস্থিত ছিল। তাদের মধ্যে পাশ করেছে ৫১ হাজার ৩৯৮ জন। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন।
শনিবার বেলা ১১টায় পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এসব তথ্য জানিয়েছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন।
তিনি বলেন, এই শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার ৬৬৮টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয় । ২১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার মধ্যে শতভাগ পাশ করেছে এমন কলেজের সংখ্যা ছয়টি। একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪৯টি।
এবার পাসের হারের সঙ্গে জিপিএ ৫ এর সংখ্যাও কমেছে জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, গত বছরের পাসের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। গত বছরে জিপিএ ৫ ছিল ৬ হাজার ২৬০ জন।
তবে বরাবরের মত জিপিএ ৫ এবং পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। ছাত্রদের পাশের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩৮৩ জন। বিপরীতে ছাত্রীরদর পাশের হার ৫০ দশমিক ২৬ শতাংশ এবং জিপিএ৫ পেয়েছে ১ হাজার ৫৭০ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবার এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৪৫৯ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ২৩৬ জন।
এ বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজি এবং বিজ্ঞান বিভাগের পদার্থ ও জীববিজ্ঞান বিষয়ে।
