সিঙ্গাইরে তিন দিনের ছাপচিত্র কর্মশালা
এ আয়োজনের শেষ দিন হবে প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান।
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশগত সংরক্ষণ বিষয়ে তরুণদের মধ্যে সচেতনতা তৈরিতে মানিকগঞ্জে ৩ দিনের ছাপচিত্র কর্মশালা করতে যাচ্ছে ভ্রাম্যমাণ স্টুডিও ‘চলন্তিকা’।
সিঙ্গাইর উপজেলার গোলাইডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজে আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি এ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, গোলাইডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজ এবং গোলাইডাঙ্গা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এ কর্মশালা করা হচ্ছে। এ আয়োজনের শেষ দিন মঙ্গলবার বিকাল ৫টায় প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান হবে।
শিল্পকলা চর্চার সুযোগ ও সুফল সবার মাঝে ছড়িয়ে দিতে শূন্য আর্ট স্পেসের উদ্যোগে ২০১৭ সালে ভ্রাম্যমাণ স্টুডিও ‘চলন্তিকা’ চালু করা হয়।
স্টুডিওটির পরিচালক জাফর ইকবাল জানান, ঢাকার বেশ কয়েকটি স্থান, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে এ ধরনের কর্মশালা ইতোমধ্যে তারা পরিচালনা করেছেন।
