২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের কেনাকাটায় যাওয়ার পথে ট্রলিচাপায় মৃত্যু বাবা-ছেলের

ছেলে ঘটনাস্থলেই ও বাবা হাসপাতালে মারা যান।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 07:07 PM

Updated : 25 Jun 2023, 07:07 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ঈদের কেনাকাটা করতে যাওয়ার পথে ট্রলিচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার চাঁদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান।

নিহতরা হলেন: উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মপুর  গ্রামের একরামুল হক ও তার ছেলে মাসুদ রানা (১১)।

একরামুলের বড় ছেলে মেহেদী হাসান জানান, ঈদের কেনাকাটা করতে ফুলবাড়ী উপজেলা সদরে যাওয়ার জন্য সকালে মাসুদ রানাকে নিয়ে বাড়ি থেকে বাইসাইকেলে বের হন তাদের বাবা।

স্থানীয়দের বরাত দিয়ে মেহেদী হাসান আরও জানান, তারা ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের চাঁদেরহাট এলাকায় পৌঁছলে একটি ইট বোঝাই ট্রলি বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যায়। গুরুতর আহত অবস্থায় একরামুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকাল ৪টার দিকে তিনিও মারা যান।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, চালকসহ ট্রলিটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।