পাবনায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
পাবনা শহর থেকে মোটরসাইকেলে ঈশ্বরদী যাচ্ছিলেন দুই যুবক।
পাবনায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক ও একজন আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকাল ৬টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আটমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাকশী হাইওয়ে পুলিশের ওসি আশীষ কুমার স্যানাল।
নিহতরা হলেন- পাবনা জেলা শহরের দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬) ও নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)।
ওসি আশীষ কুমার স্যানাল জানান, পাবনা শহর থেকে মোটরসাইকেলে চড়ে ঈশ্বরদী যাচ্ছিলেন দুই যুবক। তারা আটমাইল এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তবে বাসটিকে আটক করতে পারেনি।
ওসি বলেন, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। নিহতদের স্বজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হবে।
