সংবাদ প্রকাশের জের: রংপুরে ডিজিটাল আইনে তিন সাংবাদিকের বিচার শুরু
২০২১ সালের জুন মাসে মামলাটি করেন সদ্যপুস্করনী ইউপি চেয়ারম্যানের শ্বশুর।
রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবদুল মজিদ এ মামলায় বিচার শুরুর আদেশ দেন বলে জানান রুহুল আমিন জানান।
অভিযুক্ত সাংবাদিকেরা হলেন- স্থানীয় দৈনিক যুগের আলো ও মানবকণ্ঠ পত্রিকার মহিউদ্দিন মখদুমী, দেশ রূপান্তরের মামুন রশিদ ও ঢাকা পোস্টের শরিফুল ইসলাম।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০২১ সালের ২৪ মে সদর উপজেলার সদ্যপুস্করনী ইউপির চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশিত হয় একটি জাতীয় দৈনিকে। প্রতিবেদনের শিরোনাম ছিল- ‘ভিজিডির কার্ডে চাল নেন সদ্যপুস্করনী ইউনিয়নের চেয়ারম্যানের শাশুড়ি’। পরে সেটি আরও একটি জাতীয় দৈনিক এবং স্থানীয় দৈনিকেও প্রকাশিত হয়।
এ কারণে ইউপি চেয়ারম্যানের মানহানি হয়েছে- এমন অভিযোগ এনে তার শ্বশুর মোস্তাফিজার রাহমান বাদী হয়ে ২০২১ সালের ১৪ জুন সাইবার ট্রাইব্যুনালে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন। ২০২১ সালের ৫ নভেম্বর কোতোয়ালি থানার এসআই শাহ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আইনজীবী বলেন, “শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হয়েছে।”
এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিক মহিউদ্দিন মখদুমী বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকমকে বলেন, “আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।”
মামলার আরেক আসামি সাংবাদিক শরিফুল ইসলাম বলেন, “আমি দুর্নীতির সংবাদটি ফেইসবুকে শেয়ার দিয়েছিলাম। এ কারণে আমাকে আসামি করা হয়েছে।”
আসামিপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, “অভিযোগ গঠন করার পরও আসামিরা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।”
রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার কথা থাকলেও এখনও সেই আইনে মামলার কাজ চলছে। তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিন্দনীয়।”
